সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের ঘটনায় জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক রেফারেন্স পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্যপদের বিষয়ে নির্বাচন কমিশন তখনই পদক্ষেপ নেবে, যখন বিষয়টি জাতীয় সংসদ আনুষ্ঠানিকভাবে কমিশনের কাছে পাঠাবে।
নির্বাচন কমিশনার জানান, এ বিষয়ে এখন পর্যন্ত সংসদ থেকে নির্বাচন কমিশনের কাছে কোনো রেফারেন্স আসেনি। এমন কোনো রেফারেন্স পাওয়া গেলে আইন অনুযায়ী তদন্ত ও প্রয়োজনীয় শুনানির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদ থেকে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হলে কমিশন তা আমলে নেবে এবং যথাযথ তদন্ত ও শুনানি শেষে সিদ্ধান্ত গ্রহণ করবে।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য হিসেবেই বহাল থাকবেন। তবে তিনি যদি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন, সেটি নির্বাচন কমিশনের এখতিয়ারের বিষয় নয়।
তিনি আরও বলেন, সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ এবং রাজনৈতিক দলের পদ থেকে পদত্যাগ দুটি পৃথক বিষয়। সংসদ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠালে কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
নির্বাচন কমিশনার বলেন, এ ধরনের বিষয় স্পিকারের কার্যালয় থেকেই নির্বাচন কমিশনের কাছে আসতে হবে। স্পিকার কোন ভিত্তিতে বিষয়টি কমিশনে পাঠাবেন বা আদৌ পাঠাবেন কি না, সেটি সম্পূর্ণ তার এখতিয়ার।