হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে প্রণালীটি অতিক্রমের চেষ্টা করা ৩টি তেলবাহী ট্যাংকার থামানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপির পাঠানো খবরে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালী অতিক্রমের জন্য ওমান উপকূলঘেঁষা পথ ব্যবহার করা ট্যাংকারগুলোর ওপর হামলা চালিয়েছে ইরান। নিরাপদ চলাচলের জন্য জাহাজগুলোকে নিজেদের জলসীমা ব্যবহার এবং এর বিনিময়ে অর্থ দিতে বাধ্য করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আইআরজিসি এক বিবৃতিতে জানায়, “শিশুহত্যাকারী মার্কিন বাহিনীর প্ররোচনা ও প্রলোভনে ৩টি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালীর দক্ষিণে মাইন পাতা পথ দিয়ে অতিক্রমের চেষ্টা করছিল। কিন্তু এর মধ্যে একটি বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে গেলে বাকি ২টি দ্রুত দিক পরিবর্তন করে ফিরে যায়।”
তবে এ ঘটনা ঠিক কবে ঘটেছে, সে বিষয়ে বিবৃতিতে কোনো তথ্য দেওয়া হয়নি।
আইআরজিসি আরও বলেছে, “শক্তিশালী আইআরজিসি নৌবাহিনী আবারও জোর দিয়ে বলছে, হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্রের বিভ্রান্তিতে পড়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া যে কোনো জাহাজ এ পথ অতিক্রমের চেষ্টা করলে তারও একই পরিণতি হবে।”