Skip to main content

Ridge Bangla

চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উদ্বেগ জানাল অস্ট্রেলিয়া

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে চীনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে এ উদ্বেগের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপির পাঠানো খবরে বলা হয়, চলতি মাসে একটি চীনা সাবমেরিন থেকে পরীক্ষামূলক ডামি ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরের অনেক দূর পর্যন্ত গিয়ে পৌঁছায়।

মঙ্গলবার রাতে ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে পেনি ওং ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি নিরাপদ ও পেশাদার সামরিক আচরণ বজায় রাখা এবং স্বচ্ছতা ও উদ্দেশ্য সম্পর্কে আশ্বস্ত করার গুরুত্বের ওপর জোর দেন।

এর আগে অস্ট্রেলিয়া জানিয়েছিল, এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে তারা পর্যাপ্ত আগাম নোটিশ পায়নি। পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এক ডজন দ্বীপরাষ্ট্র এ পরীক্ষার নিন্দা জানিয়ে বলেছে, এটি অঞ্চলটিকে পরমাণু অস্ত্র পরীক্ষামুক্ত রাখার লক্ষ্য ও আকাঙ্ক্ষার পরিপন্থী।

পর্যবেক্ষকদের ধারণা, ক্ষেপণাস্ত্রটি সলোমন দ্বীপপুঞ্জ, নাউরু ও টুভালুর মধ্যবর্তী প্রশান্ত মহাসাগরের একটি এলাকায় গিয়ে পড়েছে।

This post was viewed: 20

আরো পড়ুন