Ridge Bangla

এনআইডি সংশোধন সহজ হচ্ছে, প্রবাসীদের ভোটার নিবন্ধনেও কমছে জটিলতা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সহজীকরণ এবং প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত করার লক্ষ্যে একাধিক সংস্কার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাবলিক পরীক্ষার সনদের ভিত্তিতে মাঠ পর্যায় থেকেই জন্মতারিখ সংশোধন করা যাবে। পাশাপাশি প্রবাসীদের ভোটার নিবন্ধনে বিদ্যমান দুই ধাপের তদন্ত প্রক্রিয়া কমিয়ে এক ধাপে আনা হচ্ছে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, এনআইডি সংশোধনের ক্ষেত্রে নাগরিকদের হয়রানি কমাতে মাঠ পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে জেএসসি, এসএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে মাঠ পর্যায়েই নিষ্পত্তি করা হবে।

এ ছাড়া এনআইডি স্থানান্তর বা ভোটার এলাকা পরিবর্তনের আবেদনও অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার ব্যবস্থা করা হচ্ছে। নির্ধারিত সরকারি ফি পরিশোধের মাধ্যমে এ সেবা পাওয়া যাবে।

১৫ বছর পরপর এনআইডি নবায়নের ক্ষেত্রে পারিবারিক তথ্যের সঠিকতা ও ধারাবাহিকতা নিশ্চিত করতে আবেদনকারীদের নির্ধারিত একটি ফরমে পারিবারিক পরিচয় বা ‘ফ্যামিলি ট্রি’র তথ্য দিতে হবে।

প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সচিব জানান, আগে প্রবাসীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর আবেদন দেশে পাঠিয়ে তদন্ত করা হতো। তদন্ত প্রতিবেদন ইতিবাচক হলে তা সিস্টেমে আপলোড করা হতো। নতুন ব্যবস্থায় বায়োমেট্রিক তথ্য সংগ্রহের সঙ্গে সঙ্গেই তা অনলাইনে আপলোড হবে। এরপর ঢাকায় প্রাথমিক যাচাইয়ে তথ্যের সত্যতা মিললেই এনআইডির চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এতে একটি ধাপ কমে যাওয়ায় পুরো প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে।

নাগরিকদের তথ্য সংগ্রহের বয়সসীমা পরিবর্তনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান আখতার আহমেদ। বর্তমানে ১৬ বছর বা তার বেশি বয়সীদের তথ্য সংগ্রহ করা হয়, যা ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হয়। এই বয়সসীমা আরও কমিয়ে এসএসসি, অষ্টম শ্রেণি বা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির বয়স পর্যন্ত নামিয়ে আনার বিষয়ে তুলনামূলক পর্যালোচনা চলছে। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কমিশন সভায় এনআইডি সেবার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত আইন সংশোধনের কয়েকটি প্রস্তাবও প্রস্তুত করা হয়েছে। সেগুলো পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন, এনআইডি নবায়ন ও সংশোধন পদ্ধতিকে আরও নাগরিকবান্ধব করতে কমিশন কাজ করছে। আগামী দুই-এক দিনের মধ্যে এ-সংক্রান্ত প্রস্তাব ও সুপারিশ সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে।

This post was viewed: 9

আরো পড়ুন