বাহরাইন ও কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার দেশ দুটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
কুয়েতের সশস্ত্র বাহিনী বাংলাদেশ সময় রাত ৮টার দিকে জানায়, তারা শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার অভিযান চালাচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য বিকট বিস্ফোরণের শব্দে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়।
সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার সময় বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে।
কুয়েতে হামলার প্রায় একই সময়ে বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের নিকটস্থ নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেয়।
এর আগে সোমবার কুয়েতের পানি ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়। তবে মঙ্গলবারের হামলায় ঠিক কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।