বাগেরহাট পৌরসভার রেলরোডসংলগ্ন মাইক্রো স্ট্যান্ড এলাকায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ জন সক্রিয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার, ১৫টি বাঁশ ও কাঠের লাঠি এবং মাস্কভর্তি একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে বাগেরহাট সদর মডেল থানার একটি দল রেলরোডসংলগ্ন মাইক্রো স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪০ থেকে ৪২ জনের একটি দল সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে একটি ব্যানার, ১৫টি বাঁশ ও কাঠের লাঠি এবং মাস্কভর্তি একটি ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এজাহারভুক্ত তিনজনসহ অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জন পালিয়ে যান। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার ও পলাতক আসামিরা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে এ সমাবেশের আয়োজন করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত)-এর সংশ্লিষ্ট ধারায় বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৭ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।