Ridge Bangla

২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গুইয়ের্মো ওচোয়া

মেক্সিকান ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক গুইয়ের্মো ওচোয়া পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন। ২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেছেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

গত সপ্তাহে ৪১ বছরে পা রাখা ওচোয়া ২০২৬ বিশ্বকাপের আগেই জানিয়েছিলেন, এটিই হবে তাঁর শেষ টুর্নামেন্ট। একই সময়ে নতুন কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করে খেলা চালিয়ে যাওয়ার গুঞ্জনও ওঠে।

তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে ওচোয়া বলেন, ‘আমি আমার সবটুকু দিয়েছি। আমার ক্লাব ও জাতীয় দলের জন্য মাঠে সবকিছু উজাড় করে এসেছি। আজ আমি আমার গ্লাভস তুলে রাখলাম।’

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আরও লেখেন, ‘গোলরক্ষক হওয়ার অর্থ হলো এটা জানা যে, হয়তো আপনাকে এমন একটি মুহূর্তের জন্য ৯০ মিনিট অপেক্ষা করতে হবে, যখন সবকিছু আপনার ওপর নির্ভর করবে। আর যখন সেই মুহূর্তটি আসবে, তখন কোনো দ্বিধা করা যাবে না।’

মেক্সিকোর হয়ে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার কৃতিত্ব রয়েছে ওচোয়ার। এই রেকর্ড রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিরও। ২০১৪ সালের ব্রাজিল, ২০১৮ সালের রাশিয়া এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপে তিনি মেক্সিকোর প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন।

২০০৪ সালের ফেব্রুয়ারিতে ক্লাব আমেরিকার হয়ে শীর্ষ পর্যায়ের ফুটবলে অভিষেক হয় ওচোয়ার। ২০১১ সালে ফরাসি ক্লাব আজাসিওতে যোগ দেওয়ার আগে তিনি সাত মৌসুম ক্লাব আমেরিকায় খেলেন। মেক্সিকোয় জন্ম নেওয়া প্রথম ফুটবলার হিসেবে তিনি ইউরোপীয় ফুটবলে পাড়ি জমান।

ইউরোপে তাঁর ক্লাব ক্যারিয়ারে ছিল মালাগা, গ্রানাডা, স্তান্দার লিয়েজ, সালের্নিতানা, এভিএস ফুটবল ও এইএল লিমাসোল। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিন বছর তিনি আবারও ক্লাব আমেরিকায় খেলেন।

বিদায়ী বার্তায় ওচোয়া লেখেন, ‘আমি কখনো কল্পনা করিনি যে একটি স্বপ্ন আমাকে এত দূর নিয়ে আসতে পারে। আমি শুধু গর্ব নিয়েই পেছনে তাকাতে পারি এবং বলতে পারি- ধন্যবাদ আপনাদের। আমি লাখো মানুষের ভালোবাসা সঙ্গে নিচ্ছি এবং মেক্সিকোর হয়ে সবকিছু দিতে পারার শান্তিকেও সঙ্গী করছি।’

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে রাউল রাঙ্গেলের ব্যাকআপ গোলরক্ষক হিসেবে দলে ছিলেন ওচোয়া। তবে কোচ জাভিয়ের আগুইরে তাঁকে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মেক্সিকোর শেষ গ্রুপ ম্যাচের শেষ ১৩ মিনিটে মাঠে নামান।

শেষ বাঁশি বাজার পর আবেগাপ্লুত হয়ে পড়েন ওচোয়া। যে এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে তাঁর ক্যারিয়ার শুরু হয়েছিল, সেই মাঠের গোলপোস্টে চুমু দেন তিনি। পরে হাঁটু গেড়ে বসে পড়লে সতীর্থরা এসে তাঁকে জড়িয়ে ধরেন। দর্শকেরা স্টেডিয়াম ছাড়ার পরও তিনি সেন্টার সার্কেলে গিয়ে শেষবারের মতো বিদায় জানান।

ক্লাব পর্যায়ে ক্লাব আমেরিকার হয়ে লিগ শিরোপা এবং স্তান্দার লিয়েজের হয়ে বেলজিয়ান কাপ জিতেছেন ওচোয়া। আন্তর্জাতিক ফুটবলে তিনি মেক্সিকোকে ছয়টি কনকাকাফ গোল্ড কাপ জিততে সহায়তা করেন। এছাড়া ২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদকও জেতেন।

This post was viewed: 7

আরো পড়ুন