Skip to main content

Ridge Bangla

গুজবের প্রভাবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ সারি

রাজশাহীর বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে আবারও দীর্ঘ সারি দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নগরীর একাধিক ফিলিং স্টেশনে বাইকারদের ভিড় বাড়তে থাকে।

রাতে আলুপট্টি এলাকার আফরীন ফিলিং স্টেশন, কুমারপাড়ার গুলগোফুর পেট্রোলিয়াম এবং শিরোইল এলাকার শুভ পেট্রোলিয়ামে গিয়ে একই চিত্র দেখা যায়। সংশ্লিষ্ট স্টেশনগুলোর কর্মচারীরা জানান, জ্বালানি তেলের কোনো সংকট নেই।

তবে বাইকারদের দাবি, কিছু ফিলিং স্টেশনে পেট্রল পাওয়া যাচ্ছে না, আবার কোথাও অকটেনের সংকট রয়েছে। কোনো কোনো স্টেশনে পেট্রল থাকলেও অকটেন নেই, আবার কোথাও অকটেন মিললেও পেট্রল পাওয়া যাচ্ছে না। এ কারণে সম্ভাব্য সংকটের আশঙ্কায় অনেকেই আগেভাগে জ্বালানি সংগ্রহ করছেন।

এ বিষয়ে জানতে রাজশাহী পেট্রল পাম্প মালিক সমিতির সভাপতি মুনিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনিসুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে জেলা প্রশাসন রাতে তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজশাহীতে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল কেনা বা মজুত না করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলায় পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে। প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল কিনে বাজারের স্বাভাবিক সরবরাহব্যবস্থা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছে জেলা প্রশাসন।

এতে আরও বলা হয়, জেলা প্রশাসন সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি করছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 22

আরো পড়ুন