Ridge Bangla

রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দেওয়ার অভিযোগে নেত্রকোনায় নির্বাচন অফিসের তিন কর্মী চাকরিচ্যুত

নেত্রকোনার কলমাকান্দায় এক রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দেওয়ার অভিযোগে উপজেলা নির্বাচন অফিসে আউটসোর্সিংয়ে কর্মরত তিনজনকে চাকরিচ্যুত করা হয়েছে। সোমবার তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।

চাকরিচ্যুত ব্যক্তিরা হলেন কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর কাঞ্চন মিয়া ও আরিফ মিয়া এবং স্ক্যানিং অপারেটর স্মরণ সরকার হীরা।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় বিধি অনুযায়ী তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কলমাকান্দার রামনাথপুর পাগলা এলাকায় টাকার বিনিময়ে এক রোহিঙ্গাকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সংগ্রহ করে দেওয়ার ঘটনা ঘটে। একই ধরনের অভিযোগ ওঠে নেত্রকোনা সদরেও। এ ঘটনায় নির্বাচন অফিসের কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগও সামনে আসে।

গত জানুয়ারিতে কয়েকটি জাতীয় দৈনিকে এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর নির্বাচন কমিশন তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসে আউটসোর্সিংয়ে কর্মরত ওই তিন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। তবে নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, ‘রোহিঙ্গা নাগরিককে নাগরিকত্ব দেওয়ার অভিযোগ ওঠার পর নির্বাচন কমিশন থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বিষয়টি তদন্ত করেন। ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কলমাকান্দা নির্বাচন অফিসে আউটসোর্সিংয়ে কর্মরত তিনজনকে চাকরিচ্যুত করা হয়। ওই তিনজন নির্বাচন অফিসের কেউ নন, তাঁরা কোম্পানির হয়ে আউটসোর্সিংয়ে নির্বাচন অফিসে কাজ করছিলেন।’

তিনি আরও জানান, জেলায় এ-সংক্রান্ত আরও যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর তদন্তও চলমান।

This post was viewed: 6

আরো পড়ুন