লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে ঘরে দেশীয় অস্ত্র থাকার অভিযোগে পুলিশকে খবর দিয়েছেন এক গৃহবধূ। পরে পুলিশ অভিযান চালিয়ে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তবে ঘটনাটি স্বামীকে ফাঁসানোর উদ্দেশ্যে সাজানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের পুরান বেড়ি এলাকায় আবুল হোসেন সর্দারের বাড়ি থেকে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা অস্ত্রগুলো উদ্ধার করেন।
আবুল হোসেন পেশায় জেলে। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। স্বজনদের ভাষ্য, তিনি মাছ ধরতে নদীতে গিয়েছিলেন।
আবুল হোসেন সর্দারের স্ত্রী খালেদা আক্তার দাবি করেন, ‘আমার স্বামী আবুল হোসেন সর্দার এগুলো ঘরে এনে রেখেছিলেন। আমি দেখতে পেয়ে পুলিশকে জানাই।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আবুল হোসেন সর্দার ও তাঁর স্ত্রী খালেদা আক্তারের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। আবুল হোসেন মাছ ধরতে নদীতে যাওয়ার পর খালেদা পুলিশকে ঘরে অস্ত্র থাকার খবর দেন। পরে পুলিশ গিয়ে ধারালো অস্ত্রগুলো উদ্ধার করে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীকে ফাঁসানোর উদ্দেশ্যে এ ধরনের ঘটনা সাজানো হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।