Ridge Bangla

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে টিটিই সাময়িক বরখাস্ত

চলন্ত ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে পশ্চিমাঞ্চল রেলওয়ের জুনিয়র ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই) সুমন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-২ পার্থ প্রতীম আচার্য্য স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, ঢাকা থেকে রাজশাহীগামী আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনের সময় মঙ্গলবার সুমন আলী একজন যাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। তাঁর এ কর্মকাণ্ডের জেরে রাজশাহী রেলস্টেশনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ কারণে তদন্ত সাপেক্ষে মঙ্গলবার থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

এ ছাড়া সাময়িক বরখাস্তের সময় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাকশীর ডিভিও দপ্তরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

ভুক্তভোগী ফুরকান উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর অভিযোগ, ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেসে রাজশাহী ফেরার পথে তিনি এক টিটিইকে সরকারি রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা নিতে দেখেন। তিনি এর প্রতিবাদ করলে ওই টিটিই ও তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি তাঁকে টি-শার্টের কলার ধরে দুই বগির মাঝখানে নিয়ে বেধড়ক মারধর করেন। পরে অন্য যাত্রীরা এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত সরে যান।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ৩টা পর্যন্ত রেলপথ অবরোধ অব্যাহত ছিল। পরে শিক্ষার্থীদের সঙ্গে বিভাগীয় কমিশনারের বৈঠক অনুষ্ঠিত হয়।

This post was viewed: 4

আরো পড়ুন