Ridge Bangla

মুক্তিযুদ্ধের চেতনা হারালে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে না পারলে স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও একসময় হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া জরুরি।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। প্রয়াত অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি বড় ক্ষতিগ্রস্ত হবে। আজ অনেকে একাত্তরের সাথে অনেক কিছুকে গুলিয়ে ফেলেন। কিন্তু একাত্তর না হলে আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন-এই বাংলাদেশ আমরা পেতাম না।’

মুক্তিযুদ্ধের সময়কার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, সে সময় দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল। অসংখ্য গ্রাম পুড়িয়ে দেওয়া হয় এবং সাধারণ মানুষের ওপর নৃশংস নির্যাতন চালানো হয়।

নারী নির্যাতনের প্রসঙ্গ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় বহু নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং তাঁদের মরদেহ রেললাইনের পাশে ফেলে রাখা হতো।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন।

This post was viewed: 5

আরো পড়ুন