২০৩০ সালের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৬৪-তে উন্নীত করার সম্ভাব্য পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, স্বল্প সময়ের একটি টুর্নামেন্টের জন্য নেওয়া এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদে বিশ্ব ফুটবল এবং ঘরোয়া লিগগুলোর জন্য ক্ষতিকর হতে পারে।
ইতালির ক্রীড়াবিষয়ক দৈনিক লা গাজেত্তা দেলো স্পোর্ত-কে দেওয়া এক সাক্ষাৎকারে তেবাস বলেন, বিশ্বকাপ গুরুত্বপূর্ণ হলেও পুরো ফুটবলশিল্পকে একটি ৪০ দিনের প্রতিযোগিতার জন্য ঝুঁকির মুখে ফেলা উচিত নয়।
তিনি বলেন, ‘বিশ্বকাপ যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, ফুটবলশিল্প শুধু বিশ্বকাপকে ঘিরে নয়। মাত্র ৪০ দিনের একটি আসরের জন্য তারা পুরো ফুটবলশিল্পকে ধ্বংস করছে। অথচ এই শিল্পই হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে, আর ওই টুর্নামেন্টে অংশ নেন মাত্র অল্পসংখ্যক খেলোয়াড়।’
গত জুনে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ২০৩০ সালে বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে দলসংখ্যা ৬৪-তে উন্নীত করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
ঐতিহাসিক ওই আসরের মূল আয়োজক হবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। পাশাপাশি টুর্নামেন্টের শুরুর দিকের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে।
এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তেবাস বলেন, ‘প্রতিযোগিতার সূচি নিয়ে আমরা বারবার উদ্বেগ প্রকাশ করেছি। আর এখন তারা ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে চায়। এই খেলাকে টিকিয়ে রাখে ঘরোয়া লিগগুলোই।’
ঘরোয়া ফুটবলের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমাদের আরও কম জাতীয় দলের ম্যাচ দরকার এবং সব পর্যায়ে ঘরোয়া ফুটবলের জন্য আরও ভালো সুরক্ষা নিশ্চিত করতে হবে। কিন্তু তারা বিষয়টি বুঝতে পারছে না এবং দায়িত্বজ্ঞানহীনভাবে সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে।’