Ridge Bangla

১৮ বছর পর নতুন স্টুডিও অ্যালবাম প্রকাশ করছেন আতিফ আসলাম

দীর্ঘ ১৮ বছর পর নতুন একক স্টুডিও অ্যালবাম নিয়ে ফিরছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ভক্তদের জন্য চতুর্থ একক স্টুডিও অ্যালবামের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তিনি প্রকাশ করেছেন এর কভার ও ট্র্যাকলিস্টও। নতুন অ্যালবামের নাম ‘সুবাহ আয়ে না’।

অ্যালবামটিতে মোট আটটি গান থাকছে। এগুলো হলো ‘সুবাহ আয়ে না’ (টাইটেল ট্র্যাক), ‘সফর মে হু’, ‘ইশক’, ‘লেটস হ্যাভ সাম ফান’, ‘সুন সাজনা’, ‘হু ইশক মে’, ‘চার ইয়ার’ এবং ‘সাচ্চে ওয়াদে’। পরিচিত সুর ও মেলোডির ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি এই অ্যালবামের মাধ্যমে নিজের সংগীতজীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন আতিফ।

এর আগে ২০০৮ সালে প্রকাশিত হয়েছিল তাঁর সর্বশেষ একক স্টুডিও অ্যালবাম ‘মেরি কাহানি’। সেই অ্যালবামের ‘কৌন থা’, ‘কিনারা’ এবং শিরোনাম গান ‘মেরি কাহানি’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ২০০৬ সালে প্রকাশিত দ্বিতীয় অ্যালবাম ‘দুরি’-র ‘কুছ ইস তারাহ’ ও ‘মাহি ভে’ও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছিল। আর ২০০৪ সালে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘জল পরী’-র সাফল্য তাঁকে দক্ষিণ এশিয়ার পপ-রক সংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পীতে পরিণত করে।

২০০৮ সালের পর বলিউড ও পাকিস্তানি চলচ্চিত্রে অসংখ্য জনপ্রিয় প্লেব্যাক এবং একক গান প্রকাশ করলেও নতুন কোনো পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম প্রকাশ করেননি আতিফ। ফলে প্রায় দেড় যুগেরও বেশি সময় পর তাঁর নতুন অ্যালবামের ঘোষণা বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

সংগীতবিশেষজ্ঞদের মতে, দীর্ঘ বিরতির পর অ্যালবাম ফরম্যাটে আতিফ আসলামের প্রত্যাবর্তন শুধু তাঁর অনুরাগীদের জন্য নয়, দক্ষিণ এশিয়ার স্বাধীন সংগীতাঙ্গনের জন্যও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। জানা গেছে, আগামী আগস্টে বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে ‘সুবাহ আয়ে না’ অ্যালবামটি প্রকাশ করা হবে।

এদিকে আগামী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আতিফ আসলামের কনসার্ট। রাজধানীর ৩০০ ফুট এলাকায় অবস্থিত ক্রিকেটার্স একাডেমিতে ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই আয়োজন অনুষ্ঠিত হবে। কনসার্টে আতিফের পাশাপাশি দেশের ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ-ও পরিবেশনা করবে।

This post was viewed: 6

আরো পড়ুন