Ridge Bangla

বিশ্বকাপের ফাইনাল দেখতে বাধা দেওয়ায় স্ত্রীকে মারধরের অভিযোগ, স্বামী আটক

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীকে মারধরের অভিযোগে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনাটি রোববার (১৯ জুলাই) উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ওয়াপদা টেক এলাকায় ঘটে। সোমবার (২০ জুলাই) ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। যদিও সোমবার রাত পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

আটক জহিরুল ইসলাম ব্রহ্মপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

ভিডিওতে দেখা যায়, গৃহবধূ মরিয়ম বেগম যন্ত্রণায় চিৎকার করছেন। এ সময় তাকে মারধরের দৃশ্যও ধারণ করা হয়। ভিডিও ধারণকারী ব্যক্তি জহিরুলকে মারধরের কারণ জানতে চাইলে দুজনের মধ্যে কথোপকথনও শোনা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়মের বাড়ি চট্টগ্রামে। প্রায় দুই বছর আগে জহিরুল তাকে বিয়ে করে রামগঞ্জে নিয়ে আসেন। তাদের পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে। স্থানীয়দের দাবি, জহিরুল প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন। তারা আরও অভিযোগ করেন, তিনি মাদকাসক্ত এবং ঘটনার সময়ও মাদক সেবনের পর স্ত্রীকে মারধর করেন। এতে মরিয়মের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

মরিয়মের অভিযোগ, পাঁচ মাস বয়সী সন্তানকে নিয়ে তিনি ঘরে একা ছিলেন। এ কারণে স্বামীকে বিশ্বকাপের খেলা দেখতে যেতে নিষেধ করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে জহিরুল লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন।

স্থানীয় বাসিন্দা পারভেজ হোসেন ও হাসানুর জামান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ভিডিওটি দেখে তারা বিস্মিত হয়েছেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নজরে আসার পর অভিযুক্ত জহিরুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 8

আরো পড়ুন