ইউক্রেনের ওডেসা বন্দরে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় চার ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন ভারতীয় গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৯ জুলাই সন্ধ্যায় ইউক্রেনের ওডেসা বন্দর ত্যাগের সময় একটি জাহাজ হামলার মুখে পড়ে। এতে চার ভারতীয় নাগরিক নিহত হন এবং আরও একজন গুরুতর আহত হন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার এমভি গোল্ডেন লিও নামের জাহাজটিতে হামলা চালানো হয়। হামলার সময় জাহাজে পাঁচ ভারতীয় নাগরিকসহ মোট ১৭ জন নাবিক ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে অবস্থিত ভারতের মিশন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহত নাবিকের দ্রুত সুস্থতা কামনা করেছে মন্ত্রণালয়।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। দেশটির মতে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো, বেসামরিক নাবিকদের জীবন ঝুঁকির মুখে ফেলা কিংবা নৌচলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “ভারত এ ধরনের হামলার নিন্দা জানায়। বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা, নিরীহ বেসামরিক নাবিকদের বিপদে ফেলা কিংবা অন্য কোনোভাবে নৌচলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা উচিত নয়। এ ধরনের কর্মকাণ্ড সব সময় পরিহার করা উচিত।”