Ridge Bangla

ইরানে নতুন দফায় মার্কিন হামলা, উত্তেজনা আরও বেড়েছে

হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করার লক্ষ্য নিয়ে দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, টানা দশম রাতের অভিযানে ইরানের সামরিক সক্ষমতাসংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিহত মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে দায়ী করে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পর এই হামলা চালানো হয়। সে সময় তিনি বলেছিলেন, মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে ‘বহুগুণ মূল্য’ দিতে হবে।

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, নিহত তিন মার্কিন সেনার স্মরণে আগের রাতে ইরানের বিভিন্ন সামরিক ও যোগাযোগ স্থাপনায় ‘খুব কঠোর’ হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে দুজন জর্ডানে এবং একজন ইরাকে প্রাণ হারিয়েছেন।

এদিকে ইরান দাবি করেছে, তারা বাহরাইন, জর্ডান ও সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধ’ লড়ছে।

চলমান সংঘাতের মধ্যেও কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। তেহরানের দাবি, যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পরও মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।

অন্যদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার গভীর রাতে তারা ইরানের ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। একই সময়ে দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়।

দিনের শুরুতে কুয়েতের সশস্ত্র বাহিনীও দাবি করে, তারা ইরান থেকে ছোড়া একাধিক ড্রোন প্রতিহত করেছে।

বাহরাইনের দাবি, ইরানের উৎক্ষেপণ করা ড্রোন তাদের আকাশপথের নেভিগেশন ব্যবস্থাকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। তবে এতে দেশটির বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় তাবরিজ, চাবাহার, কোনারাক, বন্দর মাহশাহর এবং বন্দর ইমাম খোমেনিসহ কয়েকটি শহর লক্ষ্যবস্তু হয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, হরমুজ প্রণালী অতিক্রমের সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ট্যাংকার দুটি প্রণালীর একটি ‘অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ দক্ষিণ পথ’ ব্যবহার করছিল এবং বিস্ফোরণের পর সেগুলো থেমে যায়।

তবে ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

This post was viewed: 4

আরো পড়ুন