Skip to main content

Ridge Bangla

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ধরনের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রশাসনের কর্মকর্তাদের দাবি, কানাডার বাজারে মার্কিন তৈরি গাড়ি, অ্যালকোহল, দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন পণ্য বৈষম্যের শিকার হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আইন ১৯৩০-এর ৩৩৮ নম্বর ধারার আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই ধারায় বলা হয়েছে, কোনো দেশ যদি তাদের বাজারে মার্কিন পণ্যের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে, তাহলে সেই দেশের পণ্যের ওপর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে।

জানা গেছে, আগামী ৩০ দিনের মধ্যে নতুন এই শুল্ক কার্যকর হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্যবিষয়ক দূত জেমিসন গ্রিয়ারের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কানাডা থেকে প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রবেশ করা প্রায় ২ হাজার কোটি ডলার মূল্যের পণ্যের ওপর এ শুল্ক প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে দুগ্ধজাত পণ্য, আসবাবপত্র, মাছ ধরার ছিপ, গাছপালা ও শাকসবজির বীজ, কাপড়, পরচুলাসহ বিভিন্ন পণ্য।

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বড় পরিসরের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। মার্কিন কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কানাডা থেকে ৩৮ হাজার ২০০ কোটি ডলার মূল্যের পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেন, “প্রশাসন যখন আমাদের বাণিজ্য অংশীদারদের সাথে ন্যায্য ও পারস্পরিক ভারসাম্যপূর্ণ বাণিজ্য চুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে, তখন কানাডা, নিজেদের বাজারে ভারসাম্য আনার জন্য মার্কিন পণ্যকে লক্ষ্য করে প্রতিশোধমূলক নীতি নিয়েছে। এছাড়া জাতীয় ও স্পর্শকাতর নিরাপত্তার অভিযোগ তুলে কানাডায় মার্কিন শিল্প কলকারখানাগুলোর ক্ষেত্রে কঠিন নীতি দেশটির সরকার নিয়েছে বলেও আমরা জানতে পেরেছি।”

This post was viewed: 24

আরো পড়ুন