Ridge Bangla

হাইড্রোলিক হর্ন ব্যবহারে কড়াকড়ি, আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতা বিআরটিএর

অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজ এবং রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার বা অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ নম্বর বিধি অনুযায়ী অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক বা উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত একই ধরনের মোটরযান ছাড়া অন্য কোনো যানবাহনে পরপর বিভিন্ন সুর সৃষ্টি করতে সক্ষম বহুমুখী হর্ন কিংবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দের হর্ন স্থাপন, পুনঃস্থাপন অথবা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

বিআরটিএ জানিয়েছে, এ ধরনের অননুমোদিত হর্ন শব্দদূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি করার পাশাপাশি চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে। এর ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পায়।

সংস্থাটি আরও জানায়, সম্প্রতি বিভিন্ন মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার ও অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহারের ঘটনা নজরে এসেছে, যা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তাই জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে এসব হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন কিংবা ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্দেশনা অমান্য করে অননুমোদিত হর্নের ব্যবহার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 4

আরো পড়ুন