রাজধানীর ভাটারার নতুন বাজার ১০০ ফিট এলাকায় একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন মো. শাহীন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং তাদের ভাগনি হাফছা (৮)। সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ভর্তি করেন।
শাহীনের ভগ্নিপতি মো. জসিম জানান, শাহীন একটি দোকানে চাকরি করেন। তিনি পরিবারের সদস্যদের নিয়ে ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট রোডের একটি ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। ভোরে সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় গ্যাস লাইন লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরে আগুন ছড়িয়ে পড়লে তারা দগ্ধ হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ড. শাওন বিন রহমান জানান, গ্যাস লাইন লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে শাহীনের শরীরের ৫০ শতাংশ, ফাহিমা আক্তারের ৪৫ শতাংশ এবং হাফছার ৪০ শতাংশ পুড়ে গেছে।
তিনি আরও জানান, তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।