Ridge Bangla

পাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় আরও অজ্ঞাতনামা ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) পারভেজ আখতার বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (৩৮), সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত (২৭), বর্তমান সভাপতি যুবায়ের বিশ্বাস অন্তু (৩২) এবং সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ওরফে রাভাসহ মোট ৩৭ জন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৬ জুলাই রাত ১২টা ১০ মিনিটের দিকে পাবনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শালগাড়িয়া সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এবং মালিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী গোপন বৈঠক করেন। সেখানে তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের উদ্দেশ্যে ষড়যন্ত্র করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টা ২৫ মিনিটের দিকে সদর হাসপাতাল সড়কের জাকিরের মোড় এলাকায় পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্র ও ইটের টুকরা ফেলে মোটরসাইকেলে এবং দৌড়ে পালিয়ে যান।

পরে ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়াল, তিনটি লোহার রড, তিনটি বাঁশের লাঠি এবং ২০টি ইটের টুকরা জব্দ করে পুলিশ।

অভিযুক্তরা পলাতক থাকায় এবং তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন