Ridge Bangla

হামাসের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খলিল আল-হাইয়া

হামাসের নতুন নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খলিল আল-হাইয়া। তিনি ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটির প্রয়াত প্রধান ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হয়েছেন। ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন সিনওয়ার।

গত বছরের সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের একটি হত্যাচেষ্টার লক্ষ্যবস্তু হন খলিল আল-হাইয়া। সে সময় হামাসের একাধিক সূত্র মিডল ইস্ট আইকে জানায়, হাইয়া, খালেদ মিশাল, জাবের জাবারিউরসহ হামলার লক্ষ্যবস্তু হওয়া সব শীর্ষ নেতা প্রাণে বেঁচে যান। তবে ওই হামলায় হাইয়ার ছেলে হাম্মাম আল-হাইয়া এবং তার কার্যালয়ের পরিচালক জিহাদ লুব্বাদ নিহত হন।

১৯৬০ সালে গাজায় জন্মগ্রহণকারী খলিল আল-হাইয়া ১৯৮০ সালে হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন। হামাসের রাজনৈতিক শাখার প্রাথমিক সদস্যদের একজন হিসেবে তিনি পরবর্তীতে ছাত্র ও শ্রমিক ইউনিয়নের বিভিন্ন দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে তিনি ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য নির্বাচিত হন।

২০০৭ সালে তাকে হত্যার আরেকটি ব্যর্থ চেষ্টা চালায় ইসরায়েল। ওই হামলায় তার স্ত্রী, তিন সন্তানসহ পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। এরপর থেকে ২০১৪ সালের গাজা যুদ্ধ এবং ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া চলমান সংঘাতের সময় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি।

This post was viewed: 6

আরো পড়ুন