বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় লাল্টু হোসেন (৩৫) নামে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) ভোর আনুমানিক ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, ফাইনাল ম্যাচটি বড়পর্দায় দেখার পর নীরবে বাড়ি ফেরেন লাল্টু। খেলা শেষে তার বুক ধড়ফড় ও তীব্র বুকব্যথা শুরু হয়। পরে তার স্ত্রী তাকে অচেতন অবস্থায় দেখতে পান। এরপর বাবা ফজলু হোসেন দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী রবিউল ইসলাম বলেন, ফাইনাল ম্যাচটি তারা একসঙ্গে দেখছিলেন। আর্জেন্টিনা গোল হজম করার পর লাল্টুকে খুব ভেঙে পড়তে দেখেন। এমনকি তাকে কাঁদতেও দেখেছেন। পরে কখন তিনি বাড়ি চলে গেছেন, তা খেয়াল করেননি। কিছুক্ষণ পর তার মৃত্যুর খবর জানতে পারেন।
সাতক্ষীরা পৌরসভার সাবেক নারী কাউন্সিলর ফারহা দিবা খান সাথী জানান, সোমবার জোহরের নামাজের পর রসুলপুর পশ্চিমপাড়া আহলে হাদিস জামে মসজিদ মাঠে লাল্টু হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।