ফরিদপুরের মধুখালী উপজেলায় বেড়াতে এসে অসুস্থ হয়ে মো. রহমত আলী (৪৩) নামে পল্লী সঞ্চয় ব্যাংকের এক শাখা ব্যবস্থাপকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রহমত আলী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খাগালিয়া গ্রামের দেওয়ান আলীর ছেলে। তিনি নরসিংদীর একটি পল্লী সঞ্চয় ব্যাংক শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার বিকেলে ঢাকা থেকে কয়েকজন বন্ধুর সঙ্গে মধুখালীতে বেড়াতে আসেন রহমত আলী। তারা স্থানীয় আলতুখান জুট মিলস লিমিটেডের মালিক লোকমান হোসেনের বাসায় অতিথি হিসেবে অবস্থান করছিলেন। দিনভর ঘোরাঘুরির পর রাতে খাবার খেয়ে বিশ্রাম নেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমীন জানান, রোববার রাত ১০টা ৬ মিনিটে রহমত আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।
আলতুখান জুট মিলসের মালিক লোকমান হোসেন বলেন, তার পরিচিত সোহান নামে এক ব্যক্তির আমন্ত্রণে ৮ জনের একটি দল তার বাড়িতে বেড়াতে এসেছিল। সোহানের সঙ্গে তার ব্যবসায়িক পরিচয় রয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানান, সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া তার মুখ থেকে অস্বাভাবিক কোনো গন্ধও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
তিনি আরও বলেন, সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং তারা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।