নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে রায়হান (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। রায়হান ওই গ্রামের আব্দুল বারিকের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে এলাকার অন্যদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল উপভোগ করেন রায়হান। খেলা শেষে বাড়িতে ফিরে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি ও পারিবারিক মনোমালিন্য সৃষ্টি হয়। এর পর তিনি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে অবহিত করেন। পরে সেনবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার সোমবার দুপুরে ইত্তেফাককে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের তথ্য পাওয়া গেছে। এছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”