Ridge Bangla

চরফ্যাশনে সম্পত্তি বিরোধে বিধবা নারীকে মারধরের অভিযোগ, আওয়ামী নেতাসহ গ্রেপ্তার ৩

ভোলার চরফ্যাশনে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক বিধবা নারীকে মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক স্থানীয় নেতার বিরুদ্ধে। পরিবারের দাবি, হামলায় ওই নারীর বাম হাত এবং বুকের একটি হাড় ভেঙে গেছে। তিনি বর্তমানে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঘটনার তিন দিন পর শনিবার রাতে ভুক্তভোগী রহিমা বেগমের ছেলে আল আমিন চরফ্যাশন থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন। পরে মামলার প্রধান অভিযুক্ত কালাম মাঝিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ঘটেছে। অভিযুক্ত কালাম মাঝি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে বসবাস করছেন রহিমা বেগম। পরিবারের অভিযোগ, ওই সম্পত্তি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিলেন কালাম মাঝি।

ভুক্তভোগী পরিবারের দাবি, গত বুধবার সকালে বিক্রির জন্য নারিকেল পাড়তে গেলে কালাম মাঝি তার ছেলে জাকির, জিহাদসহ কয়েকজনকে নিয়ে রহিমা বেগমের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চিকিৎসাধীন রহিমা বেগমের ছেলে আল আমিন বলেন, “আমার বাবার রেখে যাওয়া সম্পত্তি দখলের জন্য দীর্ঘদিন ধরে কালাম মাঝি আমাদের হয়রানি করে আসছেন। বুধবার নারিকেল পাড়ার সময় তারা আমার মাকে মারধর করেন। আমার মা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তাকে নিয়ে ব্যস্ত থাকায় মামলা করতে কিছুটা দেরি হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।”

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ ভূঁইয়া বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত। ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামলার পর প্রধান অভিযুক্ত কালাম মাঝিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

This post was viewed: 9

আরো পড়ুন