Ridge Bangla

জ্বালানি আমদানিতে সরকারের ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনেও খরচ বৃদ্ধি পেয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

সোমবার (২০ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত ‘উন্নয়নের কণ্ঠস্বর’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগের সরকার সমুদ্রসীমা অর্জনের কৃতিত্ব পেলেও সামুদ্রিক জ্বালানি সম্পদের অনুসন্ধান ও আহরণে উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেনি। তার দাবি, এ ক্ষেত্রে প্রতিবেশী কয়েকটি দেশ বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে গেছে।

তিনি আরও বলেন, সমাজকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে উন্নয়ন সহযোগীদের আরও বেশি বিনিয়োগ ও সহযোগিতা প্রয়োজন। সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম এগিয়ে চলছে।

মন্ত্রী জানান, ব্যক্তি ও বাণিজ্যিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার উৎসাহিত করতে চলতি বাজেটেও কর-সুবিধা বহাল রাখা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছেন। এ লক্ষ্য বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।

This post was viewed: 7

আরো পড়ুন