Ridge Bangla

জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিতে এসে আটক ৪ চাকরিপ্রার্থী

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ পেয়ে যোগদান করতে এসে চার চাকরিপ্রার্থী আটক হয়েছেন। মৌখিক পরীক্ষার প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে তাদের চেহারার অমিল ধরা পড়লে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, নিজেদের হয়ে অন্য ব্যক্তিকে দিয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছিলেন।

আটকরা হলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. আ. আলিম, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মো. আলী হায়দার, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. রাসেল রানা লিটন এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার মো. মাসুদ ফকির।

মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির সঙ্গে তাদের চেহারার মিল না থাকায় বিষয়টি নজরে আসে। পরে জিজ্ঞাসাবাদে তারা অভিযোগ স্বীকার করেন। এ ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এজাহারের তথ্য অনুযায়ী, মো. আ. আলিমের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৪ জুন। ২৫ জুন মৌখিক পরীক্ষায় অংশ নেন মো. আলী হায়দার ও মো. রাসেল রানা লিটন। আর মো. মাসুদ ফকিরের পরীক্ষা নেওয়া হয় ২৮ জুন। চারজনেরই পরীক্ষার নির্ধারিত সময় ছিল বেলা ২টা।

মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীর ছবি সংরক্ষণ করা হয়েছিল। পরে ৬ জুলাই অফিস সহায়ক পদে ২০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে একই দিনে নিয়োগপত্র দেওয়া হয়। নির্বাচিতদের ১৯ জুলাই সকাল ১০টায় সচিবালয়ের ১ নম্বর ভবনের ১৮০২ নম্বর কক্ষে মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের (প্রশাসন অধিশাখা) কাছে যোগদানপত্র জমা দিতে বলা হয়।

নির্ধারিত সময়ে ওই চারজন যোগদান করতে এলে মৌখিক পরীক্ষার সময় ধারণ করা ছবির সঙ্গে তাদের চেহারার অমিল ধরা পড়ে।

এজাহারে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদের সময় তারা জানান, তাদের পরিবর্তে অন্য ব্যক্তি মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং তারা নিজেরা পরীক্ষা দেননি। পরে এ বিষয়ে লিখিতভাবে দোষ স্বীকার করে বক্তব্যও দেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৫ মে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ২ হাজার ৭৮৪ জন এবং অফিস সহায়ক পদে ২৩ হাজার ৭০৯ জন আবেদন করেন।

অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা ১৯ জুন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে ৯ হাজার ৩১৮ জন অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১০৭ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

This post was viewed: 4

আরো পড়ুন