Skip to main content

Ridge Bangla

শেখ হাসিনাকে আইনের মুখোমুখি করা হবে, আমরা অপেক্ষায় আছি: আইনমন্ত্রী

শেখ হাসিনার বিচার আইনানুগ প্রক্রিয়াতেই নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আদালতের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করার দায়িত্ব শেখ হাসিনারও রয়েছে এবং সরকার তার দেশে ফেরার অপেক্ষায় আছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতি ভবনের মিলনায়তনে জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “আমার মাথায় ঢুকছে না কারণ উনি বলছেন বাংলাদেশের এখনও প্রধানমন্ত্রী। উনি বলছেন, যেকোনো সময় বাংলাদেশে ঢুকতে পারেন। উনি দিন-তারিখ দিচ্ছেন ডিসেম্বরে ঢুকবেন। ভালো কথা, কিন্তু আপনার মৃত্যুদণ্ডে আপনি আপিলে ডিলে কনডুলেন্সে কীভাবে খণ্ডাবেন সেটা চিন্তা করেন না। বিচারের মুখোমুখি করার জন্য অন্য যে মামলাগুলো আছে… আমরা বিচার প্রক্রিয়া শুরু করেছি।”

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা তাকে আনার চেষ্টা করছি। এই বিচারে নিজেকে নিরপরাধ প্রমাণ করার একটা অবলিগেশন তারও রয়েছে আদালতের সামনে। আমরা অপেক্ষায় আছি উনি আসবেন। উনাকে আইনসঙ্গতভাবে ন্যায়বিচার নিশ্চিত করা যায়, আমরা সেটাই করব।”

আইনমন্ত্রী আরও বলেন, সরকার প্রতিহিংসার রাজনীতি করে না। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং সরকার আইনি প্রক্রিয়ার বাইরে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তিনি জানান, জুলাই গণহত্যার ৬টি মামলার বিচার সম্পন্ন হয়েছে এবং একটি মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এ সময় আছিয়া হত্যা মামলার বিচার দ্রুত হাইকোর্টে নিষ্পত্তি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মাগুরা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খাঁন, মাগুরার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, জেলা প্রশাসক মো. মোতাকাব্বির আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, সিনিয়র অ্যাডভোকেট আহমেদ হোসেন, সিনিয়র অ্যাডভোকেট আব্দুল মজিদ এবং সিনিয়র অ্যাডভোকেট রোকনুজ্জামান খান।

সভা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর। অনুষ্ঠানে জেলা জজ আদালতের বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

This post was viewed: 18

আরো পড়ুন