Ridge Bangla

গুজরাটে অভিযানে ১৬ বাংলাদেশি আটক, দেশে ফেরত পাঠানোর দাবি পুলিশের

ভারতের গুজরাট রাজ্যের সুরাটে অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার সুরাট পুলিশের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ইটিভি ভারত।

প্রতিবেদন অনুযায়ী, ‘অপারেশন ডেল্টা হান্ট’ নামে পরিচালিত অভিযানে ১২ নারী, ৩ পুরুষ ও ১ শিশুসহ মোট ১৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। সুরাট পুলিশের এক কর্মকর্তা জানান, তারা পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং দেশে ফেরত পাঠানোর আগে প্রায় দেড় বছর ধরে সুরাটে কাজ করছিলেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

গুজরাট পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার এবং অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের শনাক্ত করার লক্ষ্যে চলমান বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা রাতের অন্ধকারে পশ্চিমবঙ্গ সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। পরে বিভিন্ন যানবাহনে করে তারা সুরাটে পৌঁছান।

সুরাট গ্রামীণ পুলিশ, বিশেষ অভিযান দল এবং স্থানীয় অপরাধ দমন শাখার যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে সন্দেহভাজন এলাকাগুলোতে তল্লাশি চালানো হয়। এ সময় আটক ব্যক্তিরা ভারতীয় নাগরিকত্বের বৈধ কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, তাদের মোবাইল ফোন, ব্যাংকিং লেনদেন এবং বাংলাদেশে থাকা বিভিন্ন যোগাযোগের তথ্য যাচাইয়ের পর নিশ্চিত হওয়া গেছে যে তারা অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছে গুজরাট পুলিশ।

সুরাট পুলিশের পরিদর্শক এল জি ওদেদরা বলেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তার ভাষ্য, “এই অভিযান এখানেই থেমে থাকবে না। জেলায় বৈধ নথিপত্র ছাড়া বসবাসকারী অন্যান্য ব্যক্তিদের খুঁজে বের করতে ‘অপারেশন ডেল্টা হান্ট’ চলবে।”

This post was viewed: 10

আরো পড়ুন