Skip to main content

Ridge Bangla

প্রথম বেসরকারি নভোযান ‘বিক্রম-১’ উৎক্ষেপণ করল ভারত

ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে নির্মিত নভোযান ‘বিক্রম-১’ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা দ্বীপে অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়।

‘বিক্রম-১’ তৈরি করেছে তেলঙ্গানার রাজধানী হায়দরাবাদভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্কাইরুট অ্যারোস্পেস। এটি ভারতের কোনো বেসরকারি প্রতিষ্ঠানের নির্মিত প্রথম নভোযান।

সাততলা ভবনের সমান উচ্চতার বহুস্তরবিশিষ্ট এ নভোযানকে পৃথিবীর কক্ষপথে পরিচালনার উপযোগী করে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ কার্বন কম্পোজিট কাঠামো ব্যবহারের কারণে এটি প্রচলিত লৌহনির্মিত নভোযানের তুলনায় হালকা। এতে স্কাইরুটের নিজস্বভাবে উন্নয়ন করা প্রোপালশন ব্যবস্থা ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তিতে তৈরি ইঞ্জিন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কঠিন জ্বালানিচালিত রকেট বুস্টার।

নভোযানটি সর্বোচ্চ ৩৫০ কেজি ওজনের উপগ্রহ বহন করতে সক্ষম। উৎক্ষেপণের পর প্রথম ধাপে এটি ঘণ্টায় প্রায় ৪৫০ কিলোমিটার গতিতে পৃথিবীর কক্ষপথে পরিভ্রমণ করবে।

‘বিক্রম-১’-এর উৎক্ষেপণ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘মিশন আগমন’। ভারতের বেসরকারি মহাকাশ কার্যক্রমের অনুমোদন, তত্ত্বাবধান ও প্রসারের দায়িত্বে থাকা সরকারি সংস্থা ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার এই নামকরণ করেছে।

উৎক্ষেপণে অনুমোদন ও সহযোগিতার জন্য এক বিবৃতিতে সংস্থাটিকে ধন্যবাদ জানিয়েছে স্কাইরুট অ্যারোস্পেস। একই সঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘মিশন আগমন’ সফল হলে আগামী দুই বছরের মধ্যে বাণিজ্যিক মহাকাশ ভ্রমণ চালুর পরিকল্পনা রয়েছে তাদের।

This post was viewed: 14

আরো পড়ুন