Skip to main content

Ridge Bangla

নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন করছে সরকার: প্রেস সচিব

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বলেছেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জুলাই সনদও বাস্তবায়ন করছে। তাঁর মতে, জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সরকার সেই প্রতিশ্রুতিও বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।

বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রেস সচিব সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, বিগত সরকারের সময় উন্নয়নের অনেক দাবি করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে অবনতি হয়েছে। তাঁর অভিযোগ, বিশেষ করে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের সবচেয়ে বেশি অবক্ষয় ঘটেছে। তিনি বলেন, মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন ছাড়া কোনো ক্ষেত্রেই প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কথার পরিবর্তে কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছেন। রাজনৈতিক মতাদর্শ বা দলীয় পরিচয় যাই হোক না কেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষায়, মতের পার্থক্য ব্যালটে থাকতে পারে, কিন্তু দেশ গড়ার ক্ষেত্রে ঐক্য প্রয়োজন।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী অপসংস্কৃতি থেকে বের হয়ে এসেছেন এবং কোথাও কারও বন্দনা করেন না, যা আগে নিয়মিত দেখা যেত। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জনগণ থেকে বিচ্ছিন্ন নন। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখতে তিনি প্রতি মাসেই ঢাকার বাইরে কোনো না কোনো জেলায় সফর করছেন।

সংবাদ সম্মেলনে আবু আবদুল্লাহ এম ছালেহ আরও বলেন, এবারের বাজেট সরকারের একটি বড় অর্জন। তাঁর দাবি, বাজেট পাস হওয়ার পর কোনো পণ্যের দাম বাড়েনি এবং জনজীবনেও অস্থিরতা সৃষ্টি হয়নি। তিনি এই বাজেটকে জীবনবান্ধব বাজেট হিসেবে উল্লেখ করেন।

This post was viewed: 23

আরো পড়ুন