Skip to main content

Ridge Bangla

ইরানকে হামলা বন্ধ করে সংলাপে ফেরার আহ্বান আরব লীগের

উপসাগরীয় আরব দেশগুলো এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে আরব লীগ। সংস্থাটি এসব হামলার নিন্দা জানিয়ে বলেছে, এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত করা, আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করা এবং নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করা হচ্ছে।

শনিবার দেওয়া এক বিবৃতিতে আরব লীগের মহাসচিব নাবিল ফাহমি কুর্দিস্তান অঞ্চল ও উপসাগরীয় দেশগুলোর ওপর হামলাকে ‘অপরাধমূলক ও বেপরোয়া’ বলে অভিহিত করেন।

তিনি অভিযোগ করেন, বাহরাইন, জর্ডান, কাতার ও কুয়েতে ইরানের ধারাবাহিক হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর ভাষায়, এ ধরনের আগ্রাসী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নাবিল ফাহমি বলেন, ‘যেকোনো আরব দেশের ওপর হামলা পুরো আরব বিশ্বের জাতীয় নিরাপত্তা ও যৌথ স্বার্থের ওপর হামলার শামিল।’

তিনি ইরানকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে অবিলম্বে সব ধরনের হামলা বন্ধ করতে বলেন। পাশাপাশি সমুদ্রপথের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে আলোচনায় ফিরে আসার আহ্বানও জানান।

এর আগে শনিবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া ও এরবিলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলায় একটি গোলাবারুদ গুদাম এবং ইরানবিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর ব্যবহৃত কয়েকটি ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

তবে এ হামলার দায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তেহরান। যদিও এর আগে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থানরত ইরানবিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর ঘাঁটিতে একাধিকবার হামলা চালিয়েছে দেশটি।

This post was viewed: 16

আরো পড়ুন