Skip to main content

Ridge Bangla

অনুমোদনহীন নির্মাণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ভাঙছে জেলা প্রশাসন

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন অনুমোদনহীন নির্মাণের অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ভাঙার কাজ শুরু করেছে। প্রশাসনের দাবি, ৫ তলা ভবনটি প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ নথি ছাড়াই নির্মাণ করা হয়েছে।

প্রশাসনিক সূত্রের তথ্য অনুযায়ী, কার্যালয়টি যে জমির ওপর নির্মিত হয়েছে, সেটি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নামে একটি প্রতিষ্ঠানের নামে কেনা হয়েছিল। সংশ্লিষ্ট নথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে বলেও দাবি প্রশাসনের। তবে ভবন নির্মাণের জন্য অনুমোদিত নকশা, বৈধ নির্মাণসংক্রান্ত কাগজপত্র এবং প্রয়োজনীয় অন্যান্য নথি জমা দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

জেলা প্রশাসনের দাবি, ৩০ জুন প্রথম নোটিশ এবং ৭ জুলাই দ্বিতীয় নোটিশ পাঠানো হয়। পরে ১৫ জুলাই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কোনো নোটিশেরই জবাব দেওয়া হয়নি এবং নির্ধারিত দিনেও কেউ উপস্থিত হননি বলে অভিযোগ প্রশাসনের।

প্রশাসনের ভাষ্য, একাধিকবার নোটিশ পাঠানোর পরও সাড়া না পাওয়ায় ভবনটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভবন ভাঙার কাজ চলাকালে ঘটনাস্থলে কয়েকজন বিজেপি কর্মী উপস্থিত হন। এ সময় তারা ‘ভারত মাতা কী জয়’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান দেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবার লোকসভা আসনের সাংসদ। ডায়মন্ড হারবার এলাকায় দলের বিভিন্ন সভা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় এই কার্যালয় ব্যবহার করা হতো।

প্রশাসনের দাবি, পরপর দুটি নোটিশ দেওয়ার পরও কোনো সাড়া না মেলায় জেলা প্রশাসক, মহকুমা প্রশাসক ও ব্লক প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ভবনটি ভেঙে ফেলার কার্যক্রম শুরু করা হয়েছে।

This post was viewed: 39

আরো পড়ুন