Ridge Bangla

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগ এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে জরুরি আলোচনার ভিত্তিতে পরীক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের আওতায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএমটি), ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত থাকবে।

This post was viewed: 6

আরো পড়ুন