Ridge Bangla

উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় ইরানের হামলা, পাল্টা অভিযানের দাবি যুক্তরাষ্ট্রের

উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত মাসের যুদ্ধবিরতির পর পরিস্থিতি এখন প্রায় প্রতিদিনের হামলা ও পাল্টা হামলায় রূপ নিয়েছে বলে শুক্রবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, ইরান প্রতিবেশী কয়েকটি দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুর মধ্যে জর্ডানে অবস্থিত একটি বিমান ঘাঁটিও রয়েছে।

শুক্রবার ভোরে ইরানের সামরিক বাহিনী দাবি করে, তারা বাহরাইন ও কুয়েতে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। এদিকে এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানানো হয়েছে, কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শ্র্যাপনেলের আঘাতে এক শিশু আহত হয়েছে।

অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা আরও দুর্বল করতে তারা দেশটির বিভিন্ন স্থানে আরেক দফা রাতের অভিযান পরিচালনা করেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কেশম দ্বীপ এবং বন্দর আব্বাসের আশপাশের এলাকা, যেখানে ইরানের বৃহত্তম বন্দর, নৌবাহিনী এবং বিপ্লবী রক্ষীবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ ব্যবহার করে নির্ভুল অস্ত্রের মাধ্যমে ইরানের উপকূলীয় নজরদারি ও বিমান প্রতিরক্ষা কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো এবং সামুদ্রিক সক্ষমতাসহ কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন