Skip to main content

Ridge Bangla

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি প্রতিনিধি দলের বৈঠক, বন্দরসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবাবিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বে রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বুধবার (১৫ জুলাই ২০২৬) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আলোচনায় বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে সৌদি প্রতিনিধিদল জানায়, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি বে টার্মিনাল নির্মাণে আগ্রহী। পাশাপাশি বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় তাদের মোট বিনিয়োগ ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।

প্রতিনিধিদল আরও জানায়, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালসহ সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের আরও কয়েকটি খাতে বিনিয়োগে আগ্রহী। এ সময় প্রধানমন্ত্রী তার সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন।

সৌদি প্রতিনিধিদলের সদস্যরা জানান, তারা বাংলাদেশে বন্দর, রেলওয়েসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করেছেন। এ বিষয়ে পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে যৌথ বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে বলেও তারা উল্লেখ করেন।

বাংলাদেশ সফর এবং দেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করায় সৌদি প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জবাবে প্রতিনিধি দলের সদস্যরা বলেন, তারা সৌদি আরবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রাবউল ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

সৌদি প্রতিনিধি দলে আরও ছিলেন সৌদি আরবের বিনিয়োগ উন্নয়নবিষয়ক সহকারী উপমন্ত্রী প্রকৌশলী আম্মার আল-তাফ, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল কোম্পানির পরিচালনা পর্ষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমের রেদা, রেড সি গেটওয়ে টার্মিনালের প্রধান নির্বাহী কর্মকর্তা লার্স ভ্যাং, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন আবিয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

This post was viewed: 19

আরো পড়ুন