কানাডার ভয়াবহ দাবানলের প্রভাবে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে টরন্টো। বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় শহরটিকে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রাখা হয়েছে। একই সঙ্গে ধোঁয়ার বিস্তার যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যেও পৌঁছানোয় সেখানে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) টরন্টোর আকাশজুড়ে ঘন কমলা রঙের ধোঁয়া ছড়িয়ে পড়ে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, এয়ার কোয়ালিটি হেলথ ইনডেক্সে শহরটির বায়ুর মান ১০-এর বেশি উঠে গেছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ।
পরিস্থিতির কারণে ফিফা ফ্যান ফেস্টিভ্যালসহ সব ধরনের সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টার দিকে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম অবস্থানে ছিল টরন্টো।
বিশেষজ্ঞদের মতে, অন্টারিও প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে কয়েক দিন ধরে অনিয়ন্ত্রিত দাবানল ছড়িয়ে পড়েছে। প্রবল বাতাসের কারণে সেখানকার ধোঁয়া দক্ষিণমুখী হয়ে টরন্টোসহ বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে।