ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী শনিবার (১৮ জুলাই) যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। বুধবার (১৫ জুলাই) এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ওই কর্মকর্তা বলেন, সফরকালে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আগ্রহী। তবে ট্রাম্প তার সঙ্গে সাক্ষাৎ করবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল দুটি রণাঙ্গনে সক্রিয় রয়েছে। এর একটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে এবং অন্যটি লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে।
এদিকে, গত মাসে ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তির অংশ হিসেবে ইরান লেবাননে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় সেই চুক্তি কার্যকর হয়নি।