এইচএসসি পরীক্ষা ২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় পরিশোধনের দায়িত্বে থাকা ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন স্বাক্ষরিত নোটিশে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়।
নোটিশে জানানো হয়, সোমবার (১৩ জুলাই) সকালে পরীক্ষা চলার সময় পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে মারাত্মক ত্রুটি বা অসঙ্গতি দেখা যায়। প্রশ্নপত্রের এমন সমস্যার কারণে পরীক্ষার হলে শিক্ষার্থীরা চরম মানসিক চাপের মুখে পড়েন।
এতে আরও বলা হয়, দায়িত্বশীল শিক্ষক ও প্রশ্নপত্র পরিশোধক হিসেবে এ ধরনের ত্রুটি বা অসঙ্গতি চরম দায়িত্বহীনতা এবং পেশাগত কর্তব্যে অবহেলার শামিল। এ ঘটনায় সিলেট বোর্ডের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে।
প্রশ্নপত্র পরিশোধনে গুরুতর ত্রুটি বা অসঙ্গতির জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা নোটিশ পাওয়ার ০৩ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া ৪ জন হলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান এবং সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন।