Skip to main content

Ridge Bangla

চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময়সীমা

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের কার্যালয়ে চাঁদা দাবি ও হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা না হলে চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা বন্ধের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা। পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন চট্টগ্রামের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স। তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা না হলে চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হবে।

তিনি আরও বলেন, গত শনিবার ডিডিএনের কাছে ফোনে চাঁদা দাবি করা হয়। পরদিন সোমবার দুপুরে একদল সশস্ত্র ব্যক্তি প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই নিরাপত্তার অভাবে কর্মস্থলে যেতে ভয় পাচ্ছেন।

রাজিব শাহরিয়ার রুবেন্স বলেন, দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো নিয়মিত চাঁদাবাজি, হুমকি ও হয়রানির শিকার হচ্ছে। এটি কোনো একক প্রতিষ্ঠানের সমস্যা নয়; বরং পুরো আইএসপি খাতের জন্য একটি বড় নিরাপত্তা সংকট।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের অর্থনীতি, প্রশাসন ও জনসেবার বড় অংশই ইন্টারনেটনির্ভর। তাই ইন্টারনেট অবকাঠামোর ওপর হামলা দেশের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করার অপচেষ্টা।

সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে ডিজিটাল ডট নেটের কার্যালয়ে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। পাশাপাশি দেশের সব ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ও তাদের নেটওয়ার্ক অবকাঠামোর নিরাপত্তা জোরদার এবং এ খাতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। ভবিষ্যতে একই ধরনের ঘটনা ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগও চাওয়া হয়েছে।

সংগঠনের নেতারা জানান, জনস্বার্থ বিবেচনায় এখন পর্যন্ত ইন্টারনেট সেবা চালু রাখা হয়েছে। তবে ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা বন্ধ করা হবে।

সংবাদ সম্মেলনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পরিচালক রাশিদুর রহমান রাজনসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

This post was viewed: 18

আরো পড়ুন