Ridge Bangla

বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর, বিএনপি নেতার বিরুদ্ধে কানে কামড়ের অভিযোগ

নরসিংদীর পলাশ উপজেলায় সাখাওয়াত হোসেন নামের এক বালু ব্যবসায়ীকে জোর করে তুলে নিয়ে মারধর ও কানে কামড় দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়ার বিরুদ্ধে। সোমবার (১৩ জুলাই) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ।

অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক। আহত সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জের ফিরোজ আলীর ছেলে। বর্তমানে তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সাখাওয়াত হোসেন জানান, ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলের ভেতরে টিকে গ্রুপের নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানে বালু ভরাটের কাজ করছেন তিনি। এ জন্য শীতলক্ষ্যা নদীর পাড়ে একটি ড্রেজার মেশিন স্থাপন করেন।

সোমবার বিকেলে ড্রেজার মেশিনের শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে ৪ ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে রাস্তা থেকে তুলে নেন। পরে তাকে বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

সাখাওয়াতের অভিযোগ, সেখানে তাকে প্রায় ১ ঘণ্টা আটকে রাখা হয়। এ সময় মহিউদ্দিনসহ আরও ৬-৭ জন তাকে কিল-ঘুসি ও চড়থাপ্পড় মারেন।

একপর্যায়ে তাকে না জানিয়ে কেন সেখানে ড্রেজার মেশিন বসানো হয়েছে, এ কথা বলে মহিউদ্দিন তার কানে কামড় দিয়ে রক্তাক্ত করেন বলে অভিযোগ করেন সাখাওয়াত। পরে দ্রুত ড্রেজার মেশিন সরিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার ভয় দেখিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

এরপর স্থানীয় লোকজন আহত সাখাওয়াতকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মহিউদ্দিন বলেন, স্যারের প্রোগ্রাম রয়েছে। পরবর্তীতে ভিডিও বক্তব্যে সত্য-মিথ্যা সব বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল-মামুন জানান, খবর পাওয়ার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 6

আরো পড়ুন