বাংলাদেশে ভারতের ১১টি চলমান উন্নয়ন প্রকল্প অগ্রগতির ‘অভাবের’ কারণে স্থগিত হতে পারে বলে যে গুঞ্জন ছড়িয়েছে, তা নাকচ করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে দেশটির উন্নয়ন সহযোগিতা কর্মসূচি দুই দেশের পারস্পরিক আলোচনার ভিত্তিতেই পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার (১৪ জুলাই) নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, ‘বাংলাদেশে আমাদের যে উন্নয়ন প্রকল্প কর্মসূচি রয়েছে, তা বাংলাদেশের সঙ্গে পারস্পরিক আলোচনার মাধ্যমেই করা হয়েছে এবং তা এখনও সেভাবেই চলছে।’
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমে অস্পষ্টতা তৈরি হয়েছিল। রণধীর জয়সওয়ালের সর্বশেষ বক্তব্যের মাধ্যমে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি।
এর আগে গত সপ্তাহেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভারতের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দ্বিপক্ষীয় এবং যৌথভাবে অনুমোদিত একটি রোডম্যাপের ভিত্তিতে পরিচালিত হয়। উভয় দেশ নিয়মিত এসব প্রকল্প পর্যালোচনা করে বলেও জানিয়েছিলেন তিনি।