Ridge Bangla

ভারতের চেয়ে বাংলাদেশের পাটের মান অনেক উন্নত: শিবরাজ সিং চৌহান

ভারতীয় পাটের তুলনায় বাংলাদেশের পাটের গুণগত মান অনেক উন্নত বলে মন্তব্য করেছেন ভারতের কৃষি ও কৃষি কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বাংলাদেশের স্রোতযুক্ত পানিতে পাট পচানোর কারণে এর মান ভালো হয় বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৫ জুলাই) ভারতের পশ্চিমবঙ্গে এক অনুষ্ঠানে পাটের মান নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন শিবরাজ সিং চৌহান।

একসময় গঙ্গার তীরজুড়ে ভারতের শত শত পাটকল গড়ে উঠলেও বর্তমানে সেগুলোর অধিকাংশ বন্ধ অথবা রুগ্ণ শিল্পে পরিণত হয়েছে। চালু থাকা কারখানাগুলোর অবস্থাও নাজুক। দেশভাগের পর ভারতের পাটশিল্প বড় ধরনের ধাক্কার মুখে পড়ে। উন্নত মানের কাঁচা পাটের বড় অংশ বাংলাদেশে থেকে গেলেও অধিকাংশ পাটকল ভারতের অংশে পড়ে।

এর আগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবারস পরিদর্শন করেন ভারতের কৃষিমন্ত্রী। সেখানে তিনি রাজ্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মাঠে উৎপাদিত পাটের মানও পর্যবেক্ষণ করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় কৃষকদের কাছ থেকে পাটের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ শোনেন শিবরাজ সিং চৌহান। পাটের উপযুক্ত দাম নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

পরে সাংবাদিকেরা ভারতের তুলনায় বাংলাদেশের পাটের মান ভালো হওয়ার কারণ জানতে চান।

জবাবে শিবরাজ সিং চৌহান বলেন, ‘আমি যতটুকু জানি, ওখানে পানির স্রোত অনেক বেশি। স্রোতওয়ালা পানিতে যদি পাট পচানো যায়, তাহলে সেই পাটের গুণগত মান অনেক উন্নত হয়।’

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ একই গাঙ্গেয় বদ্বীপের উর্বর পলিমাটি এবং অনুকূল আবহাওয়ার অংশীদার। তবে কয়েকটি নির্দিষ্ট কারণে বিশ্ববাজারে ভারতের তুলনায় বাংলাদেশের পাটকে বেশি উন্নত ও মানসম্মত হিসেবে বিবেচনা করা হয়।

ভারতে বাংলাদেশের পাটের ব্যাপক চাহিদা রয়েছে। তবে ভারতীয় কৃষকদের স্বার্থ রক্ষার কথা বলে দেশটির সরকার বিভিন্ন বিধিনিষেধ ও পণ্য অবমূল্যায়নবিরোধী শুল্ক আরোপ করেছে। এর ফলে গত কয়েক বছর ধরে বাংলাদেশ ও ভারতের পাট বাণিজ্য জটিল ও সীমিত হয়ে পড়েছে।

This post was viewed: 10

আরো পড়ুন