Ridge Bangla

স্কুলে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা, নতুন নির্দেশনা থালাপতি বিজয়ের সরকারের

শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে নতুন নির্দেশনা জারি করেছে তামিলনাড়ু সরকার। সরকারি স্কুলের শ্রেণিকক্ষে রাজনৈতিক দলের নেতা-কর্মী, সমর্থক এবং বেসরকারি ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সরকারের ভাষ্য, স্কুল শিক্ষা গ্রহণের স্থান, রাজনৈতিক কার্যক্রম পরিচালনার মঞ্চ নয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, স্কুলশিক্ষামন্ত্রী রাজ মোহনের জারি করা সার্কুলারে বলা হয়েছে, শুধুমাত্র সরকারি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়া নির্বাচিত জনপ্রতিনিধিরাই স্কুল ও শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবেন।

সার্কুলারে আরও বলা হয়েছে, শ্রেণিকক্ষের পরিবেশ কেবল পাঠদানের জন্য সংরক্ষিত থাকবে। সেখানে কোনো রাজনৈতিক নেতা বা ব্যক্তির প্রশংসা বা প্রচারের উদ্দেশ্যে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। থালাপতি বিজয় ওরফে জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন সরকার সার্কুলারে উল্লেখ করেছে, ‘স্কুল হলো শিক্ষার স্থান, কারও প্রশংসা কুড়ানোর মঞ্চ নয়।’

নতুন নির্দেশনা অনুযায়ী, রাজনৈতিক নেতাদের জন্মদিনও স্কুলের শ্রেণিকক্ষ বা ক্যাম্পাসে উদ্‌যাপন করা যাবে না। সরকার বলেছে, শিক্ষাঙ্গনের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া সরকারি স্কুলে আয়োজিত সব অনুষ্ঠান ও কর্মসূচি রাজনৈতিক নিরপেক্ষতা এবং শিক্ষাগত প্রাসঙ্গিকতার নীতি অনুসরণ করে পরিচালনা করতে হবে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত নির্দেশিকাও প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকার।

এ সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন তামিলনাড়ু সরকার রাজ্যের স্কুলশিক্ষা ব্যবস্থাকে দেশের অন্যতম সেরা হিসেবে তুলে ধরছে। রাজ্যের স্কুলশিক্ষা বিভাগ ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশনের সর্বশেষ তথ্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, শিক্ষার্থীদের অংশগ্রহণ, বিদ্যালয়ে ধরে রাখার হার, শিক্ষক প্রাপ্যতা, অবকাঠামো এবং শিক্ষাগত অগ্রগতিসহ বিভিন্ন সূচকে তামিলনাড়ু জাতীয় গড়ের চেয়ে এগিয়ে রয়েছে।

শিক্ষা বিভাগের এক বিবৃতিতে বলা হয়, রাজ্য এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, যা শুধু শিক্ষার সুযোগই নিশ্চিত করে না, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অব্যাহত রাখার জন্যও কার্যকর ব্যবস্থা তৈরি করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভারতের মোট স্কুলের ৩ দশমিক ৯ শতাংশ তামিলনাড়ুতে হলেও দেশটির প্রায় ৫ শতাংশ স্কুলশিক্ষার্থী এই রাজ্যে পড়াশোনা করে। শিক্ষা বিভাগের দাবি, এটি রাজ্যের শিক্ষাগত অবকাঠামোর দক্ষ ব্যবহার, সহজ শিক্ষাপ্রবেশ এবং পর্যাপ্ত শিক্ষকসংখ্যা নিশ্চিত করার সক্ষমতার প্রতিফলন।

বর্তমানে তামিলনাড়ুতে ৫৭ হাজার ৫৬৬টি স্কুল, ১ কোটি ২৪ লাখ শিক্ষার্থী এবং ৫ লাখ ৬৯ হাজার শিক্ষক রয়েছেন। রাজ্যে শিক্ষার্থী-শিক্ষক অনুপাত ২২, যেখানে জাতীয় গড় ২৪। গড়ে প্রতিটি স্কুলে ২১৫ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক রয়েছেন। জাতীয় গড়ে প্রতি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ১৬৯।

রাজ্যটির প্রাথমিক স্তরে মোট ভর্তির হার ৯২ শতাংশ, উচ্চ প্রাথমিক স্তরে ৯৫ শতাংশ, মাধ্যমিক স্তরে ৯৭ শতাংশ এবং উচ্চমাধ্যমিক স্তরে ৮৫ শতাংশ। একই ক্ষেত্রে জাতীয় গড় যথাক্রমে ৮৯ শতাংশ, ৯০ শতাংশ, ৮২ শতাংশ এবং ৬২ শতাংশ। এছাড়া প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে তামিলনাড়ু শূন্য ঝরে পড়ার হার অর্জন করেছে। মাধ্যমিক স্তরে ঝরে পড়ার হার ৬ দশমিক ২ শতাংশ, যা জাতীয় গড় ৯ দশমিক ৫ শতাংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

This post was viewed: 14

আরো পড়ুন