বরিশাল সফরের সময় সড়কে গাড়ি থামিয়ে একদল স্কুলশিক্ষার্থীর সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি তাদের সঙ্গে সেলফি তোলেন এবং বিভিন্ন ক্রীড়াসামগ্রী উপহার দেন।
সোমবার (১৩ জুলাই) দুপুরে বরিশাল নগরীর পথে বাবুগঞ্জ উপজেলার সাতমাইল ক্যাডেট কলেজসংলগ্ন শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রধানমন্ত্রীকে একনজর দেখতে বিদ্যালয়ের সামনে অপেক্ষা করছিল একদল খুদে শিক্ষার্থী। বিষয়টি তার নজরে এলে তিনি গাড়ি থামিয়ে তাদের কাছে যান এবং কিছু সময় কথা বলেন। এ সময় শিক্ষার্থীরা ছবি তোলার ইচ্ছা প্রকাশ করলে তিনি তাদের একজনের মোবাইল ফোন হাতে নিয়ে সবার সঙ্গে একটি সেলফি তোলেন।
পরে প্রধানমন্ত্রীর বহরে থাকা বাস থেকে ফুটবল, ব্যাডমিন্টন সেট, দাবাসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে। পরে তিনি বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকের সঙ্গেও সংক্ষিপ্ত সময় কথা বলেন।
এর আগে সকালে গৌরনদীর বাটাজোরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বরিশাল নগরীর উদ্দেশে রওনা হন।