ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে সংগঠনটির সদস্য হওয়া, এর সভায় অংশ নেওয়া কিংবা জনসমক্ষে এর প্রতীক প্রদর্শন করা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে ইহুদি সম্প্রদায়ের ওপর ধারাবাহিক হামলার ঘটনার পর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতিশ্রুত ‘জাতীয় নিরাপত্তা (রাষ্ট্রীয় হুমকি) বিল’ দ্রুত পাসের উদ্যোগ নিয়েছেন দেশটির মন্ত্রীরা।
নতুন আইনের আওতায় আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততা বিভিন্ন ধরনের অপরাধ হিসেবে গণ্য হবে। এর সদস্য হওয়া, সংগঠনের সভায় যোগ দেওয়া বা প্রকাশ্যে এর প্রতীক বহন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর গঠিত আইআরজিসি ইরানের সর্বোচ্চ নেতার প্রতি অনুগত একটি অভিজাত সামরিক বাহিনী হিসেবে দায়িত্ব পালন করে আসছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এই আইনের লক্ষ্য হলো নির্দিষ্ট সংস্থাগুলোর স্বার্থ ও উদ্দেশ্য বাস্তবায়নে নিয়োজিত ব্যক্তিদের কার্যক্রমে বাধা দেওয়া।
এ আইন লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।