Skip to main content

Ridge Bangla

শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর প্যান্টে সেলাই করা অবস্থায় ২ কেজি স্বর্ণ উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়।

গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, দুবাই থেকে অবৈধভাবে স্বর্ণের একটি চালান দেশে আনা হচ্ছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়। তল্লাশির একপর্যায়ে সাহেদুল আলম নামে এক যাত্রীকে সন্দেহ হলে তার শরীরে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে দেখা যায়, তার প্যান্টের বেল্টের নিচে কাপড়ের সঙ্গে সেলাই করে স্বর্ণ লুকিয়ে রাখা হয়েছে। সেখান থেকে মোট ২ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। সাহেদুল আলমের বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, দুবাই থেকে আসা একটি বিমানের যাত্রী সাহেদুল আলমের প্যান্টে সেলাই করা অবস্থায় স্বর্ণ পাওয়া গেছে। বর্তমানে ওই যাত্রী বিমানবন্দর কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন।

গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, আগে থেকেই স্বর্ণের চালান আসার তথ্য ছিল তাদের কাছে। সে অনুযায়ী বিমান ও বিমানবন্দরের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। পরে সন্দেহভাজন ওই যাত্রীর শরীর তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করা হয়। তিনি কোনো সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

This post was viewed: 19

আরো পড়ুন