Ridge Bangla

আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত উন্নয়নে বন্যার ভয়াবহতা বেড়েছে: রিজভী

আওয়ামী লীগ সরকারের সময় অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসব কর্মকাণ্ডের ফলে প্রাণহানিও ঘটেছে বলে দাবি তার।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বন্যায় যেসব প্রাণহানি হয়েছে, তার জন্য আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত ব্যবস্থাপনাই দায়ী। প্রকৃতির স্বাভাবিক গতিপ্রবাহ বাধাগ্রস্ত করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলেই আজ দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

প্রকৃতির স্বাভাবিক গতিপ্রবাহে বাধা সৃষ্টি করা হলে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় দেখা দেবে বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে যাতায়াতের সুবিধার জন্য হাওরের মাঝ দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তার দাবি, ওই সড়কের কারণে হাওরের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়েছে।

রিজভী আরও অভিযোগ করেন, রাজনৈতিক বিবেচনায় দলীয় লোকজনকে ঠিকাদারি সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই এ ধরনের প্রকল্প নেওয়া হয়েছিল।

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়েও কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, একটি বিশেষ দেশকে খুশি করার উদ্দেশ্যে শেখ হাসিনা সরকার এ প্রকল্প বাস্তবায়ন করেছিল। এর ফলে সুন্দরবনসংলগ্ন পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেন তিনি।

দল থেকে বহিষ্কৃত নেতাদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী জানান, এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটি সিদ্ধান্ত নেবেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সাবেক রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি সারা দেশে শোক পালন করছে। দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন। একই সঙ্গে দলীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরও এগিয়ে আসার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

This post was viewed: 7

আরো পড়ুন