বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েম। সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি। সোমবার (১৩ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় এক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রায় ২ মাস আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়। গত ১ মে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কাউন্সিল হলে আয়োজিত থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়েছিল।
এরপর ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের কোনো পদে থেকে রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ জানিয়েছেন, সংগঠনের বর্তমান সেশনের ষান্মাসিকে সাদিক কায়েমসহ কয়েকজন সম্পাদকের সাংগঠনিক ছুটি হয়েছে।
তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব এবং কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম।
এ ছাড়া কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান ও কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদেরও সাংগঠনিক ছুটি হয়েছে।
সাদিক কায়েম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি মাঠপর্যায়ে সমন্বয়ের দায়িত্বে ছিলেন তিনি।
খাগড়াছড়ির বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদরাসায় তার শিক্ষাজীবন শুরু হয়। সেখান থেকে ২০১৪ সালে দাখিল পাস করেন সাদিক কায়েম। পরে বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা থেকে ২০১৬ সালে আলিম পাস করেন।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।